12 September 2026
The News Diplomats
বিশেষ প্রতিনিধি :
Publish : 11:17 AM, 11 September 2026.
Digital Solutions Ltd

টরন্টো সিটি করপোরেশন নির্বাচন:

স্কারবরো সাউথওয়েস্টের কল্যাণে পরিকল্পনা তুলে ধরে লায়েক চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

স্কারবরো সাউথওয়েস্টের কল্যাণে পরিকল্পনা তুলে ধরে লায়েক চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু

Publish : 11:17 AM, 11 September 2026.
বিশেষ প্রতিনিধি :

আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য টরন্টো সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্কারবরো সাউথওয়েস্টের ওয়ার্ড-২০-এ জমে উঠেছে নির্বাচনী আমেজ। নাগরিক অধিকার রক্ষা, মানবিক উন্নয়ন এবং সিটি কাউন্সিলে শক্তিশালী বাঙালি প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক লায়েকুল হক চৌধুরী। ড্যানফোর্থের রাঁধুনি রেস্টুরেন্টে আয়োজিত এক স্বতঃস্ফূর্ত ও জমজমাট সুধী সমাবেশে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা ঘোষণা করেন।

তিন দশকের প্রবাসজীবন ও দুই দশকের আত্মনিবেদিত মানবিক ভূমিকা

কানাডায় প্রায় ৩০ বছরের দীর্ঘ প্রবাসজীবনে লায়েক চৌধুরী শুধু একজন সফল অধিবাসীই নন, বরং গত দুই দশক ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে অকাতরে নিবেদিত রেখেছেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, প্রবীণ ও নিঃসঙ্গ বাঙালিদের পাশে দাঁড়িয়ে খাদ্য, ওষুধ ও মানসিক সাহস জুগিয়েছেন তিনি। সমাবেশে উপস্থিত বক্তারা লায়েক চৌধুরীর পরোপকারী ও উদার মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করে বলেন, সংকটকালে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য অভিজ্ঞতাই তাঁকে স্থানীয় নাগরিকদের সুখে-দুঃখে কাজ করার সবচেয়ে যোগ্য প্রাবল্য দান করেছে।

প্রার্থী লায়েক চৌধুরীর নির্বাচনী বক্তব্য ও অঙ্গীকার

সমাবেশে আবেগঘন ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক বক্তব্যে লায়েক চৌধুরী নিজের প্রার্থিতার মূল উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন:

"কানাডায় আমার দীর্ঘ ৩০ বছরের জীবনে গত ২০ বছর আমি নিবিড়ভাবে চেষ্টা করেছি কমিউনিটির যে কোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত রাখতে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সংকটময় দিনগুলোতে মানুষের অসহায়ত্ব আমাকে গভীর থেকে নাড়া দিয়েছিল; সেই সময় থেকেই মানুষের সেবা করার মানসিকতা আমাকে আরও দৃঢ় করেছে। আমি কোনো রাজনৈতিক ফায়দা বা ব্যক্তিস্বার্থের জন্য নয়, বরং প্রত্যক্ষভাবে আমাদের ওয়ার্ডের নাগরিকদের দৈনন্দিন সমস্যা সমাধানে ভূমিকা রাখতেই প্রার্থী হয়েছি। সিটি কাউন্সিল হলো আমাদের দোরগোড়ার সরকার—রাস্তাঘাট, পরিবহন, নিরাপত্তা, পার্ক ও পরিচ্ছন্নতার মতো প্রাথমিক পরিষেবাগুলো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য।"

"একটি উন্নত ও সমৃদ্ধ ওয়ার্ড গড়ে তোলার জন্য কেবল ভৌত অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; প্রয়োজন একটি মানবিক সামাজ কাঠামো। আমার পুরো নির্বাচনী পরিকল্পনা দাঁড়িয়ে আছে পাঁচটি মূল ভিত্তির ওপর:

১. নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকা: নারী, শিশু ও প্রতিটি পরিবারের নিরাপদ বসবাস নিশ্চিত করতে পুলিশি টহল বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

২. উন্নত ও দ্রুত নাগরিকসেবা: গণপরিবহন ব্যবস্থার সহজীকরণ, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং স্থানীয় অবকাঠামোর গুণগত মান উন্নত করা।

৩. শক্তিশালী সামাজিক ও মানবিক বন্ধন: ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে একতাবদ্ধ এবং পারস্পরিক সহানুভূতিশীল কমিউনিটি গঠন।

৪. পরিবার ও প্রবীণদের সুরক্ষা: সমাজে প্রবীণদের সম্মানজনক জীবনযাপন ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি জোরদার করা।

৫. তরুণদের জন্য নতুন সম্ভাবনা: আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য স্থানীয় পার্ক, খেলাধুলার সুযোগ এবং দক্ষতা বৃদ্ধির নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।"

সিটি কাউন্সিলে বাঙালি প্রতিনিধিত্বের ঐতিহাসিক বাস্তবতা

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, কানাডার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশি প্রতিনিধিত্বের যেমন গৌরবময় ইতিহাস রয়েছে, তেমনি অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টেও বাংলাদেশিদের ভূমিকা ছিল। কিন্তু আক্ষেপের বিষয় হলো, টরন্টো সিটি কাউন্সিলে আজ পর্যন্ত বাংলাদেশি কমিউনিটির কোনো প্রতিনিধি নির্বাচিত হতে পারেননি। অথচ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা, টেক্স, আবাসন ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার মতো অতি জরুরি স্থানীয় সমস্যাগুলোর সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক সিটি কাউন্সিলের। তাই এবার সিটি কাউন্সিলে একজন যোগ্য, অভিজ্ঞ ও মানবিক প্রতিনিধি হিসেবে লায়েক চৌধুরীকে বিজয়ী করা সময়ের অন্যতম দাবি।

স্কারবরো সাউথওয়েস্টের ওয়ার্ড-২০ থেকে লায়েক চৌধুরী ছাড়া মোহাম্মদ আলী রেজা এবং শারমিন নাসরিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক বাংলাদেশি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় ভোট ভাগ হয়ে যাওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাঁরা স্পষ্টভাবে বলেন, একই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলে কমিউনিটির মূল্যবান ভোট খণ্ডবিখণ্ড হয়ে যাবে, যার ফলে অবশেষে কোনো বাংলাদেশি প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা বাস্তবায়িত হবে না।

বৃহত্তর স্বার্থে এবং সিটি কাউন্সিলে বাঙালি কণ্ঠস্বর প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রার্থীদের মধ্যে সদিচ্ছাভিত্তিক আলোচনা ও সমঝোতার আহ্বান জানানো হয়। কমিউনিটির নেতৃবৃন্দ ও মূলধারার প্রতিনিধিরা একক বাংলাদেশি প্রার্থীকে সমর্থন জোগাতে একাত্মতা প্রকাশের ওপর জোর দেন।

হাদিকুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ব্যারিস্টার আরিফ হোসাইন, ওবায়েদ চৌধুরী, জসিম উদ্দিন, মোশতাক আহমেদ, এবাদ চৌধুরী, ড. মুহম্মদ, আ ন ম তোহা, বেলায়েত হোসেন রিপন, খসরু জামান চৌধুরী, ছাদ চৌধুরী, আব্দুল গাফফার, শামীম মিয়া, অরুণ হায়দার, নেয়াজ চৌধুরী সাজু, কামরুজ্জামান স্বপন, ফারহানা শান্তা, ড. খন্দকার আহমেদুল হক, মোজাহিদুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন, আসাদ আহাদ, সিরাজুল ইসলাম এবং আতাউর রহমানসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

বক্তারা সম্মিলিতভাবে লায়েক চৌধুরীর সামাজিক আত্মত্যাগ ও উদার মনোভাবের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে সকল সচেতন নাগরিক ও ভোটারদের একতাবদ্ধ হয়ে লায়েক চৌধুরীকে সমর্থন জানিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম স্কারবরো সাউথওয়েস্টের কল্যাণে পরিকল্পনা তুলে ধরে লায়েক চৌধুরীর নির্বাচনী প্রচারণা শুরু শিরোনাম ভারতের সঙ্গে ১০১ চুক্তি ও এমওইউ পর্যালোচনা করছে বাংলাদেশ শিরোনাম সাইবার সুরক্ষা আইন: মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি: টিআইবি শিরোনাম আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে বাংলাদেশ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক আমিরাতের, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ শিরোনাম পৃথিবী বদলালেও বদলেনি যুক্তরাষ্ট্র, নতুন করে মামদানি বিতর্ক