ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বাঁধন আরও জানান, তাঁর হাত থেকে মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে। ঘটনার সময় তাঁর ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
অভিনেত্রীর অভিযোগ, তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করেন হামলাকারীরা।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে তিনি স্থানীয় একটি পার্কে গেলে এ হামলা ও হেনস্তার ঘটনা ঘটে। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে তেড়ে যেতে, তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেন।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’
বাঁধন জানান, তাঁর ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে। তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’
ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তান তাঁদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’
ভিডিওতেও কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলতে এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে শোনা যায়।
বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
ঘটনার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
হামলাকারীদের উদ্দেশে বাঁধন আরও বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’
ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন। তাঁর কাছে ঘটনাটি পৌঁছে দেওয়ার কথাও বলেন অভিনেত্রী।
২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমে কথা বলেছিলেন তিনি।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নিয়েছেন বাঁধন। উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। গতকাল ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত ও আওয়ামী লীগের কর্মীরা।
তিনি বলেন, এ বিষয়ে আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়। হুমায়ুন কবির বলেন, আজ বিকেলে স্থানীয় পুলিশ এই ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন। বাংলাদেশ দূতাবাস অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats